খবরবাংলা ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের কোথাও অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শপথই হলো প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। এ দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
এ সময় কিছু শ্রমিক নামধারী ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, তারা নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাদের এসব চেষ্টা সফল হবে না।
সীমান্তের ওপারে কী ঘটছে, সে বিষয়ে বিস্তারিত না জানলেও দেশের অভ্যন্তরের পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











