খবরবাংলা ডেস্ক :
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। বিকেল সাড়ে ৫টায় বইমেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকালে বইমেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও পরে সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন বই পাওয়া যাবে। পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইয়েরও সমাহার থাকছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার আশা করা হচ্ছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











