খবরবাংলা ডেস্ক :
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
বিএনপি সূত্র জানিয়েছে, দুপুর ১টার দিকে দলীয় প্রার্থীর পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
সূত্রের দাবি, বিতর্ক এড়াতে সচিবালয়ের বৈঠকটিকে বিএনপির স্থায়ী কমিটির আনুষ্ঠানিক বৈঠক হিসেবে দেখানো হচ্ছে না। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব আগেই দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকে দিয়েছে।
মনোনীত প্রার্থীর পক্ষে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর প্রয়োজন হওয়ায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে একজন জ্যেষ্ঠ নেতা প্রস্তাবক এবং আরেকজন সমর্থক হিসেবে স্বাক্ষর করবেন বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের নাম ঘোষণা করেছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











