খবর বাংলা ডেস্ক :
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শিগগিরই চালু হওয়ার ঘোষণায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান। শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি তিনি আগেই তুলেছিলেন। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা এক মাসের মধ্যেই দেওয়া হয়েছে, যা প্রবাসীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শায়খ আহমাদুল্লাহ আরও জানান, শুরুতে শরিয়াহ উইং চালুর দাবি থাকলেও পরবর্তীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজিত প্রবাসীদের একটি অনুষ্ঠান থেকে প্রবাসী কল্যাণ ব্যাংককে সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছিল। তিনি আশা করেন, পরবর্তী ধাপে সে উদ্যোগও নেওয়া হবে। একই সঙ্গে শরিয়াহ উইং চালুর ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এদিকে একই দিন ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, খুব শিগগিরই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শুরু হবে।
তিনি লিখেছেন, প্রবাসী ভাইদের জন্য এটি একটি সুসংবাদ। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার পর তিনি জানতে পেরেছেন, চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা সম্ভব হবে। এই উদ্যোগ গ্রহণে শায়খ আহমাদুল্লাহ অনুপ্রেরণা জুগিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











