টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত সংসদ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল হলো বিএনপি। বিএনপি কখনো ইসলামকে ব্যবহার করে না; বরং ইসলামকে সম্মান ও হেফাজত করে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, দেশে ফেরার পর দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে আল্লাহ সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি শান্তি প্রতিষ্ঠা এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন।
তিনি আরও বলেন, বিএনপি হানাহানি ও বিবাদে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেছেন। দেশনায়ক তারেক রহমানও সবাইকে নিয়ে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন।
টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী টুকু বলেন, নির্বাচিত হলে তিনি টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করবেন না এবং অন্যায়ের প্রশ্রয়ও দেবেন না বলে আশ্বাস দেন।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি জাদিদুল হক জাদিদ সহ অন্যান্য নেতাকর্মীরা।











