খবর বাংলা ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের মাধ্যমে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে এই শুনানি কার্যক্রম শুরু হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসিরউদ্দিন উপস্থিত রয়েছেন। কমিশন সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৭০ জন প্রার্থীর আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে মোট ৭২৩ জন প্রার্থী আপিল করেছিলেন। এর মধ্যে পরবর্তীতে ৭৮ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে চূড়ান্তভাবে ৬৪৫ জন প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করা হচ্ছে।
ইসি জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিল নিষ্পত্তির শুনানি চলবে। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সব প্রক্রিয়া শেষে প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।











