খবরবাংলা ডেস্ক :
বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
তিনি বলেন, সম্প্রতি টানা ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থীও প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এমন পরিস্থিতিতে, যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই বিশেষ বিবেচনায় এ সুযোগ দেওয়া হচ্ছে।
এদিকে, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ী কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সংসদে জানান শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ওই প্রশ্নগুলোর জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।











