খবরবাংলা ডেস্ক :
বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ২’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। নির্মাণকাজ আরও নিখুঁতভাবে শেষ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
‘রামায়ণ: পার্ট ১’-এর শেষের ক্রেডিট দৃশ্যে দ্বিতীয় পর্বের নতুন মুক্তির সময় জানানো হয়। পরে সিনেমাটির প্রযোজক নামিত মালহোত্রাও বিষয়টি নিশ্চিত করেন।
কেন পিছিয়ে গেল মুক্তি? প্রযোজক নামিত মালহোত্রা ই! নিউজকে জানান, প্রথম পর্বের নির্মাণ এবং দর্শকদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে দ্বিতীয় পর্বের শেষ অংশ আরও যত্নসহকারে তৈরি করতে চায় নির্মাণসংশ্লিষ্ট দল।
তাঁর মতে, এ ধরনের বড় বাজেটের সিনেমার মান ধরে রাখতে পর্যাপ্ত সময় প্রয়োজন। তাই তাড়াহুড়া করে নির্মাণকাজ শেষ করার পরিবর্তে আরও সময় নিয়ে কাজ করতে চান তাঁরা।
দ্বিতীয় পর্বে রাম ও রাবণের মধ্যকার সংঘাত এবং মহাযুদ্ধের দৃশ্যগুলো বিশেষ গুরুত্ব পাবে। এসব দৃশ্য নির্মাণে অ্যাকশন পরিকল্পনা, শুটিং এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করতে হবে। ফলে সিনেমাটি সম্পূর্ণ করতে বাড়তি সময় প্রয়োজন হচ্ছে।
কারা অভিনয় করছেন? নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা যশ এবং সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। অন্যদিকে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে।
সিনেমাটির দুটি পর্বের সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিন পর্বে নির্মাণের পরিকল্পনা ছিল
প্রযোজক নামিত মালহোত্রা জানিয়েছেন, শুরুতে ‘রামায়ণ’ তিনটি পর্বে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে পরবর্তী সময়ে সেই পরিকল্পনা পরিবর্তন করে দুটি পর্বে সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও তৃতীয় পর্ব নির্মাণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। প্রথম পর্বের প্রতি দর্শকদের সাড়া এবং সিনেমার সাফল্যের ওপর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ভর করতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
দ্বিতীয় পর্বে কী থাকছে? প্রথম পর্বের গল্প শেষ হয় রাবণের হাতে সীতার অপহরণের মধ্য দিয়ে। মহাকাব্য রামায়ণের কাহিনি অনুসরণ করলে দ্বিতীয় পর্বে রাম ও লক্ষ্মণের সঙ্গে হনুমানের সাক্ষাতের ঘটনা উঠে আসতে পারে।
এরপর হনুমানের মাধ্যমে রাম ও লক্ষ্মণের পরিচয় হবে সুগ্রীবের সঙ্গে। সীতার সন্ধানে লঙ্কায় যাবেন হনুমান। সেখানে অশোকবাটিকায় সীতার সঙ্গে দেখা করে তাঁকে রামের আংটি দেবেন। অন্যদিকে সীতাও পরিচয়ের নিদর্শন হিসেবে নিজের চূড়ামণি হনুমানের হাতে তুলে দেবেন।
পাশাপাশি রাম-রাবণের সংঘাত, লঙ্কা অভিযান এবং মহাযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
বক্স অফিসে কেমন হতে পারে দ্বিতীয় পর্ব? প্রথম পর্বের সাফল্য দ্বিতীয় পর্বের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
বলিউড হাঙ্গামাকে দেওয়া বক্তব্যে বাণিজ্য বিশ্লেষক রাজ বনসাল বলেন, কোনো সিনেমা সফল হলে তার পরবর্তী পর্ব সাধারণত আগের সিনেমার তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি আয়ের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করতে পারে।
তবে দ্বিতীয় পর্বের বক্স অফিস সাফল্য নির্ভর করবে প্রথম সিনেমার গল্প, দর্শকদের প্রতিক্রিয়া এবং শেষ অংশে তৈরি হওয়া আগ্রহ কতটা ধরে রাখা যায়, তার ওপর।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











