খবর বাংলা
,
সংবাদ দাতা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে সকাল থেকেই মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে বুধবার সকাল ৯টার কিছু আগে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তাঁর বাসভবন ফিরোজায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
এদিকে গুলশানে তারেক রহমানের বাসভবন ও ফিরোজা ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











