খবরবাংলা ডেস্ক :
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মেদী আশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুলবাড়িয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে মেদী আশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মাওনার দিকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











