কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি সিএনজি অফিসে তল্লাশি করে অবৈধভাবে মজুদ করা ৬০ লিটার পেট্রোল ও ৪০ লিটার অকটেনসহ মোট ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তেলের মালিক ও স্থানীয় সিএনজি স্টেশন মাস্টার আনিসকে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা তেল স্থানীয় মোটরসাইকেল আরোহীদের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে কৃত্রিম সংকট দেখিয়ে প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছিলেন।











