কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ওই এলাকায় ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাজীবকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
এদিকে হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তারা মিন্টু নামে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের আরও তিন থেকে চারজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক ব্যক্তি ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।











