কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার মুন্সিপাড়া এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে জাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
নিহত জাহিদুল ইসলাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বটলা গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে। তিনি কালিহাতী দাখিল মাদ্রাসার সভাপতি ফারুক হোসেনের মালিকানাধীন একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। পেশাগত জীবনে তিনি পপুলার এগ্রো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে জাহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। সর্বশেষ ওইদিন সন্ধ্যায় তিনি কালিহাতীর বগা রোড এলাকায় সহকর্মীদের সঙ্গে ছিলেন এবং একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার কথা জানান।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার স্ত্রী ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে সহকর্মী হৃদয়কে বিষয়টি জানান। পরে সকাল আনুমানিক ১০টার দিকে হৃদয় বাসায় গিয়ে ভেতরে প্রবেশ করলে জাহিদুল ইসলামের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ সময় নিহতের কক্ষ থেকে একটি হাতের লেখা চিরকুট উদ্ধার করা হয়, যা তদন্তের স্বার্থে জব্দ করা হয়েছে।
কালিহাতী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











