কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বাংড়া ইউনিয়ন, ইছাপুর স্কেল প্রজেক্ট এলাকার একটি ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্কেল প্রজেক্ট এলাকায় একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কালিহাতী থানার এসআই আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
এসআই আরও জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।











