কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় মিষ্টির প্যাকেট তৈরির একটি মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিলের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের মারধর করে হাত-পা বেঁধে রাখে। পরে তাদের একজনকে পানির সঙ্গে চেতনানাশক দ্রব্য খাওয়ানোর অভিযোগও উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে নিশ্চিন্তপুর এলাকার আব্দুল সাত্তারের পরিত্যক্ত রাইস মিলে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই মিলটি ভাড়া নিয়ে মিষ্টির প্যাকেট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় মিল মালিক জাহাঙ্গীর (৫২), তার ছেলে মো. আব্দুস সালাম (১৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার সাইফুল (৬৫), মুক্তাগাছার রায়হান (৩২) এবং দিনাজপুরের বীরগঞ্জের এমদাদ (৪৫) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে আনুমানিক ৬ থেকে ৭ জনের একটি দল হাইস গাড়িতে করে কারখানায় আসে। পরে দেশীয় অস্ত্রের সাহায্যে মিলের গ্রিল কেটে তারা ভেতরে প্রবেশ করে।
কারখানার ভেতরে থাকা শ্রমিকরা বিষয়টি টের পেলে ডাকাতরা তাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে এক শ্রমিককে পানির সঙ্গে চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে ডাকাতরা কারখানা থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার খুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উদ্ধার হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত পরীক্ষা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ডাকাতদের শনাক্ত, ব্যবহৃত যানবাহন ও অস্ত্র উদ্ধার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











