খবরবাংলা
,
ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সারাদেশে তিন দিনের শোক পালন কর্মসূচির অংশ হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই শোক পালন চলবে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত। এসময় দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনসহ শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে শোক প্রার্থনা ও কর্মসূচি পালন করছে।
বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টার দিকে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
সরকারি ঘোষণার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা ও স্মরণসভা আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হন খালেদা জিয়া। ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ গভীর শোকাহত এবং তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











