গোপালপুর সংবাদ দাতা
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বৃত্তহীন নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গোপালপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু।
এ কর্মসূচির আওতায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনামুই গ্রামের ৬৩৫টি বৃত্তহীন নারী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুর ইসলাম, গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. একলাছ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, যুবদল নেতা সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হচ্ছে। এর ফলে এসব পরিবারের জীবনমান উন্নয়ন ও সরকারি সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্তি আরও সহজ হবে।










