খবরবাংলা
,
ডেস্ক
ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়ার ফলে হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। অনেক যাত্রী দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও উড্ডয়নের অনুমতি পাননি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে। এর ফলে ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাময়িকভাবে সব উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, কয়েকদিন ধরে চলমান কুয়াশা পরিস্থিতির কারণে শাহজালাল বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) ক্যাটাগরি টু থেকে ক্যাটাগরি ওয়ানে নেমে গেছে। এতে করে প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ অবতরণে জটিলতা তৈরি হয়েছে।
গত কয়েক দিনে কুয়াশার কারণে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ডাইভার্ট করতে বাধ্য হয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত আইএলএস ক্যাটাগরির উন্নতি না হলে সামনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে।
বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্য সূত্র : যমুনা টিভি











