খবর বাংলা ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জরুরি জনসচেতনতামূলক বার্তা দিয়ে তার পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবকের পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য কারও জানা থাকলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-০৮৯৩০৫) জানানোর অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার কথাও জানিয়েছে পুলিশ।
এদিকে, আসামিকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শুক্রবার রাতে শেষ হয়। এরপর ক্যাম্পাসে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিও তোলেন শিক্ষার্থীরা।
শনিবার (১৬ মে) শিক্ষার্থীরা প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারে র্যাব ও পুলিশের অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় হাঁটার সময় এক বহিরাগত ব্যক্তি তাকে অনুসরণ করে। এক পর্যায়ে তিনি হামলার শিকার হওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে ও পরে প্রায় চার ঘণ্টা অভিযুক্ত ব্যক্তি ক্যাম্পাসে অবস্থান করেছিল বলে জানা গেছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











