গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সামনে অবস্থিত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি ঝড়ো হাওয়ার আঘাতে ভেঙে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে আকস্মিক ঝড়ের তাণ্ডবে গাছটি গোড়াসহ উপড়ে পড়ে যায়।
বৈরান নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই কৃষ্ণচূড়া গাছটি গোপালপুর উপজেলা শহরের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ছিল। বিশেষ করে থানা ব্রিজ থেকে গাছটির লাল ফুলে ভরা মনোমুগ্ধকর দৃশ্য দূর থেকেই নজর কাড়ত পথচারী ও প্রকৃতিপ্রেমীদের।
কিছুদিন আগেও গাছটি ফুলে ফুলে ভরপুর ছিল। অনেকেই থানা ব্রিজে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করেছেন, মোবাইল ফোনে ছবি তুলেছেন এবং স্মৃতিতে ধরে রেখেছেন সেই দৃশ্য।
স্থানীয়দের মতে, মঙ্গলবারের ঝড়ো হাওয়ায় গাছটি ভেঙে পড়ায় গোপালপুর হারিয়েছে তার একটি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। যে গাছটি প্রতিদিন মানুষকে প্রশান্তি দিত, সেটি এখন আর আগের মতো দেখা যাবে না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন, এটি শুধু একটি গাছের পতন নয়, বরং গোপালপুরের একটি সৌন্দর্যময় স্মৃতির অবসান।
তবে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে আবারও গোপালপুরের হারানো সবুজ ও সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব হবে।











