টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) শেষদিনের শুনানিতে ৩ জন প্রার্থী প্রার্থীতা ফিরে পান, যার ফলে জেলায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫ জন।
টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিভিন্ন অভিযোগে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ২১ জন প্রার্থী আপিল করেন। পরবর্তীতে আপিলে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান।
আপিলে বৈধতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশিদ, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিঞা, টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বিথী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রার্থী হাসরত খান ভাসানী। এছাড়া, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম, স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার ও শরীফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফত মজলিসের আবু তাহের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফত মজলিসের শহীদুল ইসলাম, আমজনতা দলের আলমগীর হোসেন ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।
একই সময়, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী নির্বাচন কমিশনে আপিল করেন। তিনি উল্লেখ করেন, লতিফ সিদ্দিকী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ছিলেন। তবে আপিল বোর্ড লিয়াকত আলীর আবেদন নাকচ করে লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ রাখেন।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ার পর জেলায় বৈধ প্রার্থীর সংখ্যা এখন ৫৫ জন, যা বিভিন্ন কারণে আগে বাতিল করা ২৮ জন প্রার্থীর মধ্যে থেকে এসেছে।











