টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলার ব্যবসায়ী আ. রাজ্জাক হত্যা মামলার এজাহারনামীয় আসামি নুরু (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩ জানুয়ারি) নাটোর জেলার সদর উপজেলার দক্ষিণপুর গ্রামে র্যাবের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত নুরুসহ অন্যান্য আসামিদের সঙ্গে ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাদী মো. আমির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ কারণে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে বাদী মো. আমির হোসেন তার ভাই আব্দুর রাজ্জাক ও ভাতিজা নাজমুলকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। তারা টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা এলাকায় পৌঁছালে নুরুসহ এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রাজ্জাক ও নাজমুল গুরুতর আহত হন।
আহতদের প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়েরের পর র্যাব-১৪, সিপিসি-৩ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ টাঙ্গাইল ও র্যাব-৫ নাটোর এর যৌথ অভিযানে নাটোর সদর উপজেলার দক্ষিণপুর এলাকা থেকে নুরু (৪৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











