টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলায় মধ্য পৌষে শীতের তীব্রতা তোলপাড় করছে জনজীবন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল-বেলা থেকে ঘন কুয়াশা ও কনকনে হিমেল বাতাসে শহর-গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। দিনের বেলাতেও সূর্যের দেখা নেই। তীব্র শীতে কর্মজীবী ও সাধারণ মানুষ শীতের কাপড় জড়িয়ে বাইরে বের হচ্ছেন।
দূরদৃষ্টির সমস্যার কারণে যমুনা ও ধলেশ^রী নদীর নৌযানগুলোও সতর্কতার সঙ্গে চলাচল করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই শীতের তীব্রতা আগামী ৪ থেকে ৫ দিন পর্যন্ত থাকবে। মঙ্গলবার টাঙ্গাইলে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শীতের কারণে দিনের আয়ের উপর নির্ভরশীল হতদরিদ্র মানুষদের জীবন আরও কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে শীতের কাপড়ের ব্যবসা টাঙ্গাইলে বেড়েছে; ফুটপাত থেকে অভিজাত শপিংমল পর্যন্ত বিক্রি জোরদার হয়েছে। ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পাইকারি ও খুচরা মিলিয়ে এবার টাঙ্গাইলে হাজার কোটি টাকার শীতবস্ত্রের বেচাকেনা হবে।
শীতের সঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপও। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা গেছে, গত দুই সপ্তাহে ভর্তি শিশু রোগীর সংখ্যা শয্যার চেয়ে কয়েকগুণ বেশি, যাদের বেশিরভাগ বয়স একদিন থেকে চার বছর পর্যন্ত।











