টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আলীম (৪১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
বুধবার (২১ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে এসআই নুরুজ্জামানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দাইন্যা ইউনিয়নের চৌধুরী পশ্চিমপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।











