গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের ওই নারী বাড়ির পাশে বোরো ধানের খেতে কাজ করতে গেলে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী একাব্বর আলী (৫৩) তাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তার কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ভুক্তভোগীর চাচী আনোয়ারা বেগম জানান, মেয়েটি জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। তার বাবা মারা গেছেন এবং মা ও ভাইও প্রতিবন্ধী। ঘটনার পর পরিবারকে থানায় বা হাসপাতালে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতেই ধর্ষকের ভাই শাহজাহান মিয়ার বাড়িতে একটি সালিশ বৈঠক হয়। সেখানে ভুক্তভোগী ও অভিযুক্তকে মুখোমুখি বসানো হয় এবং ঘটনাটি বর্ণনা করতে চাপ দেওয়া হয়। পরে ৫০ হাজার টাকা জরিমানা ও জুতোপেটার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি দেখানো হয় এবং আইনগত পদক্ষেপ না নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিষয়টি সংবাদকর্মীদের নজরে এলে শুক্রবার (১৭ এপ্রিল) ভুক্তভোগীকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে তাকে উন্নত পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিনি বিষয়টি মৌখিকভাবে জেনেছেন। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











