টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলায় শীতের তীব্রতা অব্যাহত, যদিও আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সূর্যের দেখা মিলেছে। কনকনে ঠাণ্ডা ও মাঝারি কুয়াশার কারণে জেলা জুড়ে সাধারণ মানুষ ও কৃষকরা হিমশীতল আবহাওয়ার মধ্যে দিন কাটাচ্ছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় টাঙ্গাইলে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছে প্রায় ৩০০ মিটারে। বুধবারের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
জেলা শহর ছাড়াও চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকাগুলোতে শীতের তীব্রতা আরও প্রকট। ভোরে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো ঠান্ডার কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা সড়কে থাকলেও যাত্রীসংখ্যা কম হওয়ায় তাদের আয়ও কমেছে।
স্থানীয়রা জানান, বেলা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমেনি। দিনমজুর শাহীন বলেন, “দুপুরে রোদ উঠলেও বিকেল নামার সঙ্গে সঙ্গে আবারও কনকনে ঠান্ডা শুরু হয়।” গৃহবধু ইয়াসমিন বলেন, “রোদ থাকলেও রাতের দিকে শীতের তীব্রতা আরও বেড়ে যায়, ঘরের কাজও কঠিন হয়ে যায়।”
শ্রমজীবী জুয়েল মিয়া বলেন, “রোদ উঠলেও ভোগান্তি কমেনি, বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রভাব আরও অনুভূত হচ্ছে।”
এই পরিস্থিতিতে বিশেষ করে দিনমজুর, রিকশা-ভ্যান-ইজিবাইক চালক ও নিম্নআয়ের মানুষরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, যাদের দৈনন্দিন উপার্জন শীতের কারণে প্রভাবিত হচ্ছে।











