মধুপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের তালিকায় অসংগতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিল শুনানিতে নির্বাচন কমিশন তা বৈধ ঘোষণা করেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)–এ অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
শুনানি শেষে সাংবাদিকদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে টাঙ্গাইল-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের মধ্যে নয়জন ভোটারের তথ্য সঠিক পাওয়া গেলেও একজন ভোটারের তথ্যগত ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে তিনি যথাসময়ে নির্বাচন কমিশনে আপিল করেন।
তিনি জানান, শনিবার সকালে কমিশন তার আপিল শুনানি গ্রহণ করে এবং মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ বিষয়ে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফ বলেন, একজন ভোটারের নম্বর ভুল থাকায় যাচাই-বাছাই সম্পন্ন করা সম্ভব হয়নি। অথচ নির্বাচন বিধিমালা অনুযায়ী সরেজমিনে যাচাই করার সুযোগ ছিল। ভোটারের ঠিকানা ও ফোন নম্বর দেওয়া সত্ত্বেও তাকে উপস্থিত করে যাচাই করা হয়নি। আপিল শুনানির শুরুতেই নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে আপিল মঞ্জুর করেন।
এই সিদ্ধান্তের ফলে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না। তিনি এখন ওই আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।











