মধুপুর সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি দীর্ঘ ৪৫ বছর পর জয়ের স্বাদ পেয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম নির্বাচিত হওয়ায় হারানো আসনটি ফিরে পেয়েছে বিএনপি।
জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের ফলাফলে দেখা গেছে, ফকির মাহবুব আনাম ১ লাখ ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী ৯৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। অন্য চার প্রার্থী জামানত হারান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিগত ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ছিলেন ধনবাড়ীর নবাব পরিবারের সন্তান হাসান আলী চৌধুরী। ১৯৮১ সালের উপনির্বাচনে তাঁর মেয়ে আশিকা আকবর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে বিএনপি জয় পায়নি। ১৯৯৬ সালের একতরফা নির্বাচনে বিএনপির মহাসচিব আবদুস সালাম তালুকদার জয়ী হলেও একই বছরের জুনে অনুষ্ঠিত পুনঃনির্বাচনে তিনি হেরে যান। এরপর আর কোনো নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে বিএনপি জিততে পারেনি।
দীর্ঘদিন পর আসনে জয়ের পর দলীয় নেতা-কর্মীরা আনন্দে উদ্বেলিত। ফকির মাহবুব আনাম বলেন, “এ বিজয় মধুপুর-ধনবাড়ীর জনগণের। আমরা সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। বিপুল ভোটে নির্বাচিত করায় আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ।” মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি রতন হায়দার বলেন, “দীর্ঘদিন পর আমরা এ আসনে বিজয় অর্জন করেছি। দলের নেতা–কর্মীরা খুবই আনন্দিত।”











