খবর বাংলা ডেস্ক :
দেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। তিনি জানিয়েছেন, সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকরা আগের মতোই নিরাপদ আছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ‘আমাদের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে খুনের ঘটনা আগের সময়ের তুলনায় অনেক কম। মানুষ যতটা নিরাপদ ছিল, এখনও ততটাই নিরাপদ রয়েছে।’
সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
‘এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। বিষয়টি নির্ভর করে কোন ঘটনা কী প্রেক্ষাপটে ঘটেছে, তার ওপর।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র সচিব বলেন,
‘জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একটি ফোন কল পেলেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই বাহিনীকে আরও দক্ষ ও সক্ষম করে গড়ে তুলতে না পারলে সেটি আমাদের সবার জন্যই ব্যর্থতা হবে। তবে সরকার এ বিষয়ে সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে কাজ করছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











