গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় যুবদল।
শুক্রবার (১৫ মে) কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দুলাল হোসেন রাবনকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম সরকার মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এক তরুণী (২২) অভিযোগ করেছেন, গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল দুই দফায় তিনি ধর্ষণের শিকার হন। অভিযোগ অনুযায়ী, প্রথম ঘটনার সময় দুলালের এক সহযোগী মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ এপ্রিল তিনি গোপালপুর থানায় মামলা করতে গেলেও তখন অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলে ১৫ এপ্রিল গোপালপুর থানা মামলাটি রেকর্ড করে।
মামলায় দুলাল হোসেন রাবনসহ তিনজনকে আসামি করা হয়েছে। তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার অভাবে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।











