খবরবাংলা ডেস্ক :
দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রম আরও গতিশীল করতে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন ‘মোকামতলা থানা’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে দেশের ৬৫৪তম থানা।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ মোট সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে চারটি প্রস্তাবে সুপারিশ, একটি প্রস্তাব নাকচ এবং দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
**সুপারিশ পাওয়া চার প্রস্তাব**
প্রাক-নিকার সচিব কমিটির সুপারিশ পাওয়া চারটি প্রস্তাব হলো—
১. বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন মোকামতলা থানা স্থাপন।
২. জয়পুরহাটের কালাই উপজেলায় মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন।
৩. ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখা।
৪. সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবটি নাকচ করা হয়েছে।
এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে অধিদপ্তরে রূপান্তরের দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যবেক্ষণের অর্থ হলো, প্রস্তাবগুলোতে আরও তথ্য, ব্যাখ্যা কিংবা প্রয়োজনীয় সংশোধন দরকার। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় তথ্য সংযোজন করে প্রস্তাব পুনরায় উপস্থাপন করতে হবে।
**চূড়ান্ত অনুমোদন দেবে নিকার**
মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাক-নিকার সচিব কমিটির সুপারিশ করা প্রস্তাবগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিকারের সভায়।
নিকার সভায় অনুমোদন পাওয়ার পরই প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তবে এখনো ওই সভার তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। ধারাবাহিকতায় মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে দেশে মোট থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৫৪টিতে।
তথ্য সূত্র: কালের কণ্ঠ











