মো আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, নাগরপুর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ছালেক মিয়া।
বেকড়া আটগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইকবাল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন দিদার। বৈঠকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে মো. ছালেক মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সর্বদা নিয়োজিত রাখব।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেকড়া আটগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার মন্ডল ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. পারভেজ ভূঁইয়াসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠককে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।











