খবর বাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ এক কুখ্যাত ডাকাতকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মো. আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন গোদনাইল ঘাট হাজির মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেশীয় অস্ত্র একটি চাপাতি ও কয়েকটি ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগী মেহেদী হাসান রবিন (২৫) ও মো. ইমন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রবিন মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আড়িয়ল ইউনিয়নের ইসলামপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার গোদারাঘাট হাজির মাঠ এলাকায় বসবাস করছিলেন। অপর সহযোগী মো. ইমন ফতুল্লা থানাধীন মাসদাইর জামালের গ্যারেজ এলাকার বাসিন্দা।
প্রধান অভিযুক্ত মো. সাব্বির ফতুল্লা থানাধীন মাসদাইর গোদনাইল ঘাট এলাকার বাসিন্দা এবং স্বপন মিয়ার ছেলে। র্যাব জানায়, তিনি একজন চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, সাব্বির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের দৌরাত্ম্যে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছিল।
নারায়ণগঞ্জ র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











