খবরবাংলা ডেস্ক :
অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে নির্যাতনের শিকার হাজার হাজার তৃণমূল নেতাকর্মী এখনো ছিন্নমূল অবস্থায় রয়েছেন। তাদের পুনর্বাসনের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেট কোনো ‘দিবাস্বপ্ন’ নয়; এটি একটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট, যা বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘ রাজনৈতিক নির্যাতন ও অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের উন্নয়নের পরিকল্পনা অব্যাহত ছিল এবং সেই ধারাবাহিকতার প্রতিফলনই এ বাজেট। বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসই চ্যালেঞ্জ মোকাবিলার ইতিহাস।
তিনি আরও বলেন, একটি বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। বাজেটে বিনিয়োগ, ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, যুব ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, পরিবহন ও স্থানীয় সরকার খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এসব পদক্ষেপ জনকল্যাণমুখী উন্নয়নকে আরও গতিশীল করবে।
সরকারি ঋণ গ্রহণের সমালোচনার জবাবে তিনি বলেন, এটি ভোগের জন্য নয়, বরং উৎপাদন ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কৌশলগত বিনিয়োগ। পাশাপাশি জুলাইযোদ্ধাদের জন্য বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











