খবরবাংলা
,
ডেস্ক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) তিনি ওই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসর গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি পদত্যাগ করেছিলেন। তবে প্রয়োজনীয়তা বিবেচনায় আজ তাকে আবারও একই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক ডা. সায়েদুর রহমান লিখেছিলেন,
“আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।”
উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান গত নভেম্বর মাস থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন। পুনর্নিয়োগের মাধ্যমে তিনি আবারও সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে যুক্ত হলেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











