খবর বাংলা ডেস্ক :
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দলের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ঝুঁকে পড়া এবং প্রশাসনের আনুগত্যমূলক আচরণ অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা তৈরি করছে।
তার মতে, এ ধরনের একটি নির্বাচন দেশকে আবারও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের জানান, বৈঠকে ইইউ প্রতিনিধিদের কাছে জামায়াতের অবস্থান তুলে ধরে বলা হয়েছে যে দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা করে। তবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসন একটি রাজনৈতিক দলকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা না গেলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।
এ সময় তিনি আরও জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সরকার গঠন করা হবে।
এদিকে, এনসিপিকে ১০টি আসন ছাড় দেওয়ার যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, সেটিকে ‘কাল্পনিক’ বলে দাবি করেন ডা. তাহের। তিনি জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা শিগগিরই চূড়ান্ত হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











