খবরবাংলা ডেস্ক :
ভারতের প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব ও আলেম মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি আট দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা সফর করবেন তিনি। এ সময় একাধিক মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আয়োজনে ইসলামী ইজতেমা, সম্মেলন ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামিম এবং মাওলানা মাহমুদ মাদানির খলিফা মুফতি মোহাম্মদ আলী।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমা শুরু হবে। ইজতেমার প্রথম দিন বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানি।
এরপর ১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানি খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার সিলেটের গোলাপবাগে আয়োজিত ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরের চতুর্থ দিন ১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসা পরিদর্শন করবেন এই আলেম। পরদিন ১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানিনগর মাদ্রাসায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসা সফর করবেন মাওলানা মাহমুদ মাদানি। একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।
এ ছাড়া ১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসা পরিদর্শনের কথা রয়েছে তাঁর। একই দিন ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিন বাদ মাগরিব বয়ান করবেন তিনি।
সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সফর শেষ করবেন মাওলানা মাহমুদ মাদানি।
তাঁর এই সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-উলামা, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সফরের বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











