খবর বাংলা ডেস্ক :
বিশ্বের ১১৯টি শহরের মধ্যে আজ সোমবার বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম স্থানে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir প্রকাশিত বায়ুগুণমান সূচকে এ তথ্য উঠে এসেছে। সূচকে লাহোরের স্কোর ২৯৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
তালিকায় ২৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সেনেগালের ডাকার। ২৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো। এছাড়া কাতারের দোহা ২৬৫ স্কোর নিয়ে চতুর্থ এবং ঢাকা ২৩২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এসব শহরের বাতাস বর্তমানে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











