বাসাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং অবৈধভাবে মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার আদেশ দেন।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে বাসাইল বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে এলপিজি গ্যাসের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতেই উপজেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানকালে কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারের ফজলু এন্টারপ্রাইজে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং অবৈধ মজুতের সত্যতা পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এর আগেও বাসাইল উপজেলা স্ট্যান্ড এলাকায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে লিটন মেশিনারিজ, আসলাম এন্টারপ্রাইজ ও আলম ট্রেডার্সের মালিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











