মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু এবং খামারি মোশারফ হোসেন খান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা দীপক সাহা, বাসাইল পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মহিউদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শওকত আলী, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মাংস, দুধ ও ডিমের চাহিদা পূরণের পাশাপাশি এখন আন্তর্জাতিক বাজারে প্রাণিজাত পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রান্তিক খামারিদের কারিগরি প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন ও রোগ প্রতিরোধে ভেটেরিনারি সেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।










