মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকার শিহাব পেট্রোল পাম্পের ২০০ গজ উত্তর পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার শাতান মোগরা গ্রামের মৃত সেলিম প্রামানিকের ছেলে হাসান প্রামানিক (২০) এবং দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের লেবু খানের ছেলে সুজন খান (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকার শিহাব পেট্রোল পাম্পের ২০০ গজ উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারি হাসান ও সুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করা হয়।
এ ঘটনায় বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১০, তারিখ- ২৪/০৬/২০২৬) দায়ের করা হয়েছে। আজ সকালে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, “মাদক নির্মূলে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”










