টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত সংসদ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব দল। দেশের ইতিহাস ও জনগণের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশনায়ক তারেক রহমান সবসময় বলেন, জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। বিএনপি সেই নীতিতেই বিশ্বাসী।
সোমবার (৫ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের রূপসী যাত্রা গ্রামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। দল সমুদ্রের মতো বিশাল, যেখানে অসংখ্য মানুষ মনোনয়ন চাইতে পারেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দলই নেবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে হাতে-গোনা কয়েকজন ভিন্ন পথে গেলেও তাদের সংখ্যা খুবই কম। বিএনপি সবসময় ঐক্য ও শৃঙ্খলার ওপর বিশ্বাস করে। তাকে টাঙ্গাইল দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মানুষের সেবায় কাজ করবেন বলে জানান।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে বলেন, ১৭ বছর ধরে নানা কষ্ট সইলেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। দেশের মানুষের প্রতি তার ভালোবাসা অপরিসীম; দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, এই দেশ, এই মাটি ও মানুষই তার সবকিছু। তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যা মায়েদের নামে থাকবে, কারণ সংসার পরিচালনায় মায়েরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন। পরিবারকে স্বাবলম্বী করতে হলে আগে মায়েদের স্বাবলম্বী করতে হবে।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ পাহেলী, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহমেদ শাফী ইথেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান, সদস্য সচিব ইকবাল তালুকদার এবং শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।











