খবর বাংলা ডেস্ক :
বিশ্বকাপে হেক্সা-জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির দ্য রিজ হোটেলে পৌঁছেছে সেলসাওরা। এরপর বাংলাদেশ সময় ভোর ৩টায় প্রথম অনুশীলন সেশনে যোগ দেয় ব্রাজিল দল।
কার্লো আনচেলত্তির নেতৃত্বে অভিজ্ঞতা, প্রতিভা এবং আত্মবিশ্বাসের সমন্বয়ে গড়া এই দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক। ব্রাজিলকে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখা না হলেও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি।
যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি জানান, বিশ্বকাপে বেশ কয়েকটি দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তবে ব্রাজিল ইতিবাচক মনোভাব নিয়েই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।
দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বিলম্ব হয়েছে তাদের। তারা চলে আসায় এখন আনচেলত্তির হাতে পূর্ণ ২৬ সদস্যের স্কোয়াড আছে।
বিশ্বকাপের আগে ব্রাজিল অনুশীলন করবে কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে।
এই স্টেডিয়াম নিউইয়র্ক রেড বুলস ব্যবহার করে থাকে। এছাড়া দলটি মিশরের বিপক্ষে একটি শেষ প্রস্তুতি ম্যাচও খেলবে।
আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











