ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৃথক দুই অভিযানে ৩৫ পিস নিষিদ্ধ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—খানুরবাড়ী গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, গাবসারা রাজাপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম এবং একই এলাকার ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, ভূঞাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











