ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট দেবে প্রবাসী বাংলাদেশিরা। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে ২ লাখ ৯২ হাজার ১৯০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৪৩৯ জন পুরুষ এবং ২২ হাজার ৭৫১ জন নারী।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা গেছে।
প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ডাকযোগে ভোট এই নির্বাচনে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর এবং তা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। নির্দিষ্ট সময়ে ইসি নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে। ভোটার তাদের ব্যালট পূরণ করে পুনরায় রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
যেসব দেশে নিবন্ধন চলছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা, হংকং, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, মিসর, চিলি, মোজাম্বিক, লিবিয়া, মরক্কোসহ অনেক দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে।
ইসির লক্ষ্য আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইসির লক্ষ্য—এই ব্যবস্থায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করা।











