মধুপুর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম ওরফে কর্নেল (অব.) আজাদের গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর টহল দল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী গ্রামে সেনাবাহিনীর একটি চেকপোস্টে তল্লাশির সময় এই ঘটনা ঘটে। এ সময় পাঁচটি হকিস্টিক, চারটি চায়নিজ কুড়াল ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়।
জানা গেছে, জনসংযোগ শেষে ফেরার পথে আসাদুল ইসলামের গাড়িবহর চেকপোস্টে থামানো হয়। বহরের চারটি গাড়ির মধ্যে দ্বিতীয় গাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র পাওয়া যায়। ওই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আল বোখারী, নাইম এবং রিপন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তল্লাশির খবর ছড়িয়ে পড়লে প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন। কিছু সময় পর আটক ব্যক্তিদের ও উদ্ধার করা অস্ত্র থানায় নেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম জানান, তিনজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এবং গুজব ছড়ানো হচ্ছে।











