খবরবাংলা ডেস্ক :
মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (২৮) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী আক্তার কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আইভী আক্তার কালিকাপুর এলাকায় তার চাচা কালাম শরীফের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যার দিকে কালাম শরীফ ও তার স্ত্রী পারিবারিক কাজে বাড়ির বাইরে গেলে আইভী আক্তার ঘরে একা ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
রাত আনুমানিক ৮টার দিকে কালাম শরীফ বাড়িতে ফিরে ঘরের মেঝেতে আইভী আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত কি না এবং এর পেছনে ডাকাতি, পারিবারিক বিরোধ কিংবা অন্য কোনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











