মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মফিজুর রহমান শহিদুল্লাহ (৪৫)। শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শহিদুল্লাহ সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. মাইনুদ্দিনের ছেলে। তিনি ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন এবং একই ইউনিয়ন পরিষদের একজন সদস্য।
পুলিশ জানায়, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।











