খবর বাংলা ডেস্ক :
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অতিরিক্ত নিয়ন্ত্রণব্যবস্থার কারণে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
রবিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি অতিরিক্ত নিয়ন্ত্রণারোপিত রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, রপ্তানি খাতকে বহুমুখী করতে সরকার সব ধরনের সুযোগ উন্মুক্ত রাখছে। যোগ্য রপ্তানিকারকরা যাতে বন্ড সুবিধা বা জামানত সুবিধা নিতে পারে এবং শুল্কমুক্তভাবে পণ্য আমদানি করে রপ্তানি করতে পারে, সে জন্য বিকল্প পথ রাখা হচ্ছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করাকে অগ্রাধিকার দিচ্ছে।
মন্ত্রী আরও জানান, ব্যবসায়ীরা কোনো ধরনের বাধার সম্মুখীন হলে অভিযোগ জানানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে। উন্নয়নমূলক কাজে বাধা দিলে তাদের জন্য সরকারের দরজা বন্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ এ রাজ্জাক, সংসদ সদস্য আক্তার হোসেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনজীবী মন্টু ঘোষ এবং বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খানসহ অনেকে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










