টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
এবার জিএসটি ভর্তি পরীক্ষায় ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে মাভাবিপ্রবিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৪৭২ জন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া সহযোগী কেন্দ্র হিসেবে কুমুদিনী সরকারি কলেজে ৮৯০ জন এবং সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে ১ হাজার ২২৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন।











